Tuesday, November 25, 2014

কোন এক রাতে ঢাকার রাস্তায়



সবাই চলে যাচ্ছে যার যার ঘরে
সবারই তাড়া আছে কিছু না কিছু
কারো মা আছে বোন আছে কারো বৌ আছে কারো বাচ্চা আছে
সবাইকেই ঘরের দিকে টানে তীব্রভাবেই টানে
শুধু আমাকে টানেনা, কোন ঘর বা সংসার আমাকে টানেনা
শুধু আমার কোন তাড়া নেই, যেন আমি বন্ধনহীন
যেন আমি এই পৃথিবীতে ভুল করে অনুপ্রবেশ করেছি
যেন আমি ভুল মানুষ।

রাত গভীর হচ্ছে
রাস্তায় মানুষের কোলাহল ধীরে ধীরে কমছে
যানবাহনের সংখ্যাও হ্রাস পাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
আমার কোন তাড়া নেই
আমায় শুধু টানে রাতের নীরবতা
আমায় শুধু টানে বৃক্ষরাজি ফুল ও লতা।

রাত গভীর হচ্ছে
আমি নিষ্কাম দাঁড়িয়ে থাকি, মিলনের পর মানুষগুলো
যে রকম নিথর হয়ে পড়ে সেই রকম
আমি অনুভুতিহীন দাঁড়িয়ে থাকি
জাগতিক সুখ কিংবা দুঃখ আমাকে স্পর্শ করে না
আমাকে স্পর্শ করে না হাত কিংবা পা বিহীন কোন বিকলাঙ্গ মানুষের দুঃখ
কেননা আমি অসম্পুর্ন নই
আমাকে স্পর্শ করে না দৃষ্টিহীন মানুষের অক্ষমতা
কেননা এই সুন্দর অথবা ঘৃন্য পৃথিবীর সব কিছুই আমার কাছে দৃশ্যমান
আমাকে স্পর্শ করে না ফুটপাতে রাত কাটানো মানুষের কষ্ট
কেননা আমারতো একটা মাথাগোজার ঠাইঁ আছে
আমাকে স্পর্শ করে না এসিডে ঝলসে যাওয়া কোন নারীর মুখের বিভৎষতা
কেননা আমিতো পুরুষ(ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমায় পুরুষ তৈরী করেছেন)।

রাত গভীর হচ্ছে
আমি আনমনে হাঁটতে শুরু করেছি
নাহ্‌ ভুল করিনি, বাসার উদ্দেশ্যেই হাঁটছি
কেননা আমিও রক্ত মাংসের গড়া তীব্র এক মানুষ।

০৭.০৯.০৭

No comments:

Post a Comment